
নিজস্ব প্রতিবেদক, সিংড়া নাটোরের সিংড়ায় কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মাটির নিচে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত নিংগইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের নিচে মাটির গভীরে পানির ট্যাংকি বসিয়ে কৌশলে ডিজেল মজুদের প্রমাণ পায় প্রশাসন।
তদন্তে দেখা যায়, সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্স’-এর মালিক মো. রুবেল অবৈধভাবে এই বিশাল পরিমাণ তেল সেখানে সরিয়ে রেখেছিলেন।
অন্যায়ভাবে তেল সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী রুবেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে জব্দকৃত ১০ হাজার লিটার ডিজেল আগামীকালের মধ্যে নিজ দোকানে স্থানান্তরের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন:
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম
এদিকে, উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে পৃথক অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩ দোকানিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন:
“অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রির পরিকল্পনা করছিল। অভিযুক্ত ব্যবসায়ীর মজুদের অনুমতি থাকলেও তিনি যথাযথ নিয়ম না মেনে বেআইনিভাবে মাটির নিচে তেল লুকিয়ে রেখেছিলেন। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”