
আশিকুর রহমান, গাজীপুর | ১৪ মার্চ ২০২৬
ইন্টারনেট আমাদের জীবন সহজ করলেও এর সমান্তরালে বাড়ছে অনলাইন প্রতারণার ঝুঁকি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার এক নতুন চক্র সক্রিয় হয়েছে। ধর্মীয় লেবাস ও বিশ্বাসযোগ্য নাম ব্যবহার করে এই চক্রটি বিকাশের মাধ্যমে টাকা নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি ‘হাজী ইব্রাহীম আল হাবিব টেলিকম’—এর মতো বিভিন্ন বিশ্বাসযোগ্য নাম দিয়ে ফেসবুক পেজ খোলে। মানুষের আস্থা অর্জনে প্রোফাইল ছবিতে দাড়ি-টুপি পরা ব্যক্তির ছবি বা ইসলামিক নাম ব্যবহার করা হয়। এসব পেজে অত্যন্ত কম মূল্যে বড় ইন্টারনেট প্যাকেজের বিজ্ঞাপন দেওয়া হয়।
গাজীপুরের এক যুবক জানান, তিনি একটি ফেসবুক পেজে বাংলালিংক কম্বো প্যাকেজের অফার দেখে তাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৯৩৫…২৪৩) যোগাযোগ করেন। তাকে ২৬৫ টাকা একটি বিকাশ নম্বরে (০১৮৭৫…৯৪৭) পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর তাকে জানানো হয়, ‘সিস্টেম লস’ হয়েছে, তাই প্যাকেজটি চালু করতে আবারও একই পরিমাণ টাকা পাঠাতে হবে।
আগের টাকা ফেরত পাওয়ার আশায় তিনি কয়েক দফায় মোট ১,৫৯০ টাকা পাঠান। এরপরও প্রতারকরা আরও ২,১২০ টাকা দাবি করলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। টাকা ফেরত চাইলে তাকে উল্টো হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
“আমি বিশ্বাস করে টাকা পাঠিয়েছিলাম, কিন্তু তারা বারবার ‘সিস্টেম লস’ দেখিয়ে টাকা দাবি করতে থাকে। শেষ পর্যন্ত আমার ১,৫৯০ টাকা খোয়া গেছে।” — ভুক্তভোগী যুবক
এই প্রতারণা কতটা ভয়াবহ তার প্রমাণ মেলে এক পুলিশ কর্মকর্তার বক্তব্যে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, তিনিও ফেসবুক থেকে ইন্টারনেট প্যাকেজ কিনতে গিয়ে ৪৫০ টাকা হারিয়েছেন। তিনি বলেন, “এদের মূল কাজই হলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। জনসচেতনতা না বাড়লে এই প্রতারণা থামানো কঠিন।”
অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবিশ্বাস্য ছাড়’ বা ‘অতিরিক্ত আকর্ষণীয়’ অফার অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া হয়। বিশেষ করে:
অযাচিত অফার: ‘এক ক্লিকে আয়’ বা ‘অর্ধেক দামে ইন্টারনেট’—এমন বিজ্ঞাপনে পা দেবেন না।
ভেরিফিকেশন: কোনো পেজ থেকে সেবা নেওয়ার আগে তার রিভিউ এবং সত্যতা যাচাই করুন।
লেনদেনে সাবধানতা: অপরিচিত কোনো ব্যক্তিগত বিকাশ বা নগদ নম্বরে অগ্রিম টাকা পাঠানো থেকে বিরত থাকুন।
অফিসিয়াল অ্যাপ: ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের নিজস্ব অ্যাপ (যেমন: MyBL, MyGP) ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
সচেতনতা ও সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমেই এই অনলাইন ডিজিটাল জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।