
আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় থাকলে জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।