
নিজস্ব প্রতিবেদক, শেরপুর | ০৫ এপ্রিল ২০২৬
শেরপুর জেলায় জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মাদক নিয়ন্ত্রণে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ও নকলা উপজেলায় এসব অভিযান চালানো হয়।
শেরপুর শহরের খোয়ারপার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে একটি বেকারি প্রতিষ্ঠানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আইন লঙ্ঘনের দায়ে উক্ত বেকারিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের তদারকিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে জেলার নকলা উপজেলার পূর্ব টালকী ও পাঠাকাটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ সাদিয়া আফরিন অ্যানি।
অভিযান চলাকালীন মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে ২ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি মামলায় অভিযুক্ত প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।