
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে সোনালী আঁশ পাটের আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎসাহিত করতে ২ হাজার ৪০২ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের পাটবীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নঈম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)
জাকির হোসেন সরকার, সভাপতি, মধুপুর উপজেলা বিএনপি
এ কে এম ফজলুল হক, অফিসার ইনচার্জ (ওসি), মধুপুর থানা
নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
খুররম খান ইউসুফজী প্রিন্স, সভাপতি, পৌর বিএনপি
খন্দকার আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, সাবেক পৌর বিএনপি সাধারণ সম্পাদক লতিফ পান্না ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা জানান, মধুপুরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত ২ হাজার ৪০২ জন কৃষকের প্রত্যেককে এক থেকে দেড় কেজি করে মোট ৩ হাজার ৫০ কেজি উন্নতজাতের পাটবীজ প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে মধুপুর উপজেলায় মোট ৩৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে পাট অধিদপ্তর মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারি এই প্রণোদনার ফলে কৃষকরা পাট চাষে আরও আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।