
মশিয়ুর রহমান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পূজাকে কেন্দ্র করে হাজারো ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে।
আয়োজকরা জানান, প্রায় দুইশ বছর ধরে এই জনপদে শিব পূজা ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলা বছরের শুরুতেই বৈশাখ মাসে পূর্বপুরুষদের ধর্মীয় আচার মেনে পিঠে বড়শি গেঁথে এই রোমাঞ্চকর চড়ক খেলার আয়োজন করা হয়। এটি এই অঞ্চলের প্রাচীনতম সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি অংশ।
এবারের চড়ক পূজার মূল আকর্ষণ ছিল পিঠের চামড়ায় বড়শি গেঁথে শূন্যে ঘোরা। প্রথা অনুযায়ী, বিপুল চন্দ্র ও মণি চন্দ্র রায় নামে দুই ব্যক্তি নিজেদের পিঠে বিশাল আকারের বড়শি গেঁথে চড়ক গাছে ঝুলে চারদিক প্রদক্ষিণ করেন। জীবনঝুঁকি থাকলেও প্রগাঢ় ধর্মীয় বিশ্বাস থেকে প্রতি বছরই ভক্তরা এই দুঃসাহসিক খেলায় অংশ নেন। এটি দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সী হাজার হাজার মানুষ ভিড় করেন।
চড়ক খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠের চারপাশে বসেছে গ্রাম্য মেলা। হরেক রকমের মিষ্টি, মাটির তৈরি তৈজসপত্র ও খেলনার দোকানে ছিল উপচে পড়া ভিড়। শিব পূজা ও চড়ক পূজার এই মিলনমেলায় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজক কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও সবার সহযোগিতায় পূজা ও মেলা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।