
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতা আলহাজ্ব কাজী মফিজুর রহমান গ্রুপের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন কাজী মফিজুর রহমানের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সেনবাগ বাজার প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেট পর্যন্ত যায় এবং পরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে নবগঠিত আহ্বায়ক কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা। তারা শ্লোগান দেন— “অযোগ্য কমিটি মানি না, মানি না, ত্যাগীদের বঞ্চনা চলবে না, চলবে না।”
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৩নং ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সমীর, ৫নং অর্জুনতলা ইউনিয়নের সদস্য ও দলিল লিখক মোঃ হোসেন, ১নং ছাতারপাইয়া ইউনিয়নের নেতা গোলাম হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে যারা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে দলকে টিকিয়ে রেখেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। বরং আন্দোলনে অনুপস্থিত ও সুবিধাভোগীদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে দলীয় হাইকমান্ডের কাছে স্মারকলিপি প্রদানসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। ঘোষণার পর থেকেই ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার অভিযোগে পদবঞ্চিতদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়, যারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ কর্মসূচি।