মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সুজন (সুশাসনের জন্য নাগরিক)–এর কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবে এ সভা আয়োজন করা হয়।
মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী ও নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।
সভায় ঝিনাইগাতী উপজেলা সুজনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উপজেলা কমিটি পুনর্গঠন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচকরা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নাগরিকদের সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ক্ষেত্রে সুজন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে তারা উল্লেখ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সুজনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে এক বছর মেয়াদি ৩১ সদস্যবিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা সুজন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান হালিম, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রাণ কুমার চিসাম এবং নির্বাহী সদস্য হিসেবে রেজাউল করিম।









