
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৭৪ হাজার টাকা।
অভিযানের বিবরণ পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার একটি চৌকস দল শেরপুর পৌরসভার রাজবল্লভপুর এলাকার আরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। তল্লাশি চলাকালীন একটি ব্যাটারিচালিত ভ্যানকে থামার সংকেত দিলে ভ্যানে থাকা দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত পণ্যের তালিকা আটককৃতদের দেওয়া তথ্যে ভ্যানটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা নিম্নলিখিত সামগ্রী উদ্ধার করা হয়:
জিলেট ব্লেড: ৪৩,২০০ প্যাকেট (মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা)
ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ: ৩,০০০ বোতল (মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা)
পন্ডস ফেস ওয়াশ: ২০০ পিস (মূল্য ৬০ হাজার টাকা)
পরিবহন কাজে ব্যবহৃত ভ্যান: আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
আটককৃতদের পরিচয় আটককৃতরা হলেন— শেরপুর জেলার নালিতাবাড়ী থানার ছিটপাড়া এলাকার মো. আলাল মিয়ার ছেলে আনিসুর রহমান (২০) এবং ছালুয়াতলা এলাকার দরবেশ মিয়ার ছেলে মো. ফরিদ (২৯)।
পুলিশের বক্তব্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনী সামগ্রীসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”