
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি। | ২৫ জানুয়ারি, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে বিজয়ী মোস্তাফিজুর রহমানকে নিজ এলাকা নালিতাবাড়ীতে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁকে এই গণসংবর্ধনা ও বরণ করে নেওয়া হয়।
মোস্তাফিজুর রহমানের আগমন উপলক্ষে এদিন বিকেলে এক বিশাল গাড়ি বহর ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। ছাদখোলা গাড়িতে করে তিনি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা জামায়াত কার্যালয়ে পৌঁছালে ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, “জকসু নির্বাচনের ফলের মতো আগামীতে সারা দেশে জামায়াতের ভূমিধস বিজয়ের অপেক্ষা করছে দেশের মানুষ। বিশেষ করে নকলা-নালিতাবাড়ী আসনের সাধারণ মানুষ জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপির নিরঙ্কুশ বিজয় দেখতে চায়।”
নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মেরাজ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। তাঁর শিক্ষাজীবনের উল্লেখযোগ্য তথ্যগুলো হলো:
২০১৯: রূপনারায়নকুড়া আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন।
২০২১: টঙ্গীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন।
বর্তমান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোস্তাফিজ। তিনি ৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে সাধারণ শিক্ষার্থীদের বিপুল সমর্থনে নির্বাচিত হন। দায়িত্ব পালনে তিনি এলাকাবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।