
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি | অনলাইন ডেস্ক প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬
শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘গজনী অবকাশে’ বিনোদনের নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার দুপুরে নবনির্মিত ‘জিপ লাইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। একই দিনে পর্যটন এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে গণভোটের সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “গজনী অবকাশ কেন্দ্র জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে জিপ লাইন সংযোজনের মাধ্যমে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এটি শুধু দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে না, বরং স্থানীয় অর্থনীতিকেও আরও গতিশীল করবে।”
জিপ লাইনের উদ্বোধন শেষে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। “গণভোটে অংশগ্রহণ করি, সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি”—এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে জাতীয় প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিপুল সংখ্যক পর্যটক।