
শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসার দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
অভিযানের বিস্তারিত: ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় চারটি ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার তালিকা:
মোল্লা মেডিসিন: ৫০ হাজার টাকা।
ইয়ামিন মেডিসিন কর্নার: ২০ হাজার টাকা।
ভাই ভাই ফার্মেসি: ১০ হাজার টাকা।
রায়হান ড্রাগ হাউজ: ১০ হাজার টাকা।
প্রশাসনের বক্তব্য: অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”