
বিনোদন নিউজ |
প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠছে দেশের সিনেমা বাজার। শুরুর দিকে প্রায় দুই ডজন সিনেমা মুক্তির গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ৫টি বিগ বাজেটের সিনেমা চূড়ান্ত লড়াইয়ে নামছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতোমধ্যে এই সিনেমাগুলো প্রদর্শনের অনুমতি বা সেন্সর ছাড়পত্র পেয়েছে।
সোমবার সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন নিশ্চিত করেছেন যে, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’—এই পাঁচটি সিনেমা ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।
ঈদের সিনেমা মানেই সুপারস্টার শাকিব খানের দাপট। এবার তিনি আসছেন আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নিয়ে। আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত এই সিনেমায় শাকিবকে দেখা যাবে লম্বা চুল ও চোখে সানগ্লাস পরা দুর্ধর্ষ অ্যাকশন লুকে। এতে তার সঙ্গে আরও আছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
রেদওয়ান রনির পরিচালনায় আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। টিজারে নিশোর বন্দিদশা ও বেঁচে থাকার সংগ্রামের দৃশ্যগুলো রহস্যের জাল বুনেছে, যা প্রেক্ষাগৃহে দর্শকদের টানবে বলে ধারণা করা হচ্ছে।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা তানিম নূর নির্মাণ করেছেন ‘বনলতা এক্সপ্রেস’। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা— মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধন।
ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। তার ‘প্রেশার কুকার’ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে। রহস্য ও সম্পর্কের টানাপোড়েনই এই সিনেমার মূল উপজীব্য।
মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি জুটি বেঁধেছেন ‘রাক্ষস’ সিনেমায়। প্রেমের কাহিনি হলেও এতে রয়েছে প্রচুর অ্যাকশন ও ভায়োলেন্স। সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের গানটি ইতোমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
সংগীতের অপেক্ষা: অন্যান্য সিনেমার টিজার ও পোস্টার প্রকাশ পেলেও গান নিয়ে এখনও রহস্য কাটেনি। তবে ‘রাক্ষস’ সিনেমার গানটি প্রকাশ পাওয়ায় কিছুটা এগিয়ে আছে তারা। এখন দেখার বিষয়, ঈদের এই ৫ সিনেমার লড়াইয়ে শেষ হাসি কে হাসে!