
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ (২২) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রধান অভিযুক্ত মো. সোহেল (৩০) উপজেলার চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গত ২৯ মার্চ (রবিবার) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক বসতঘরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে চরবাদাম ইউনিয়নের চরসীতা এলাকায় ঘুরতে যান। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক দাবি করে আটকে ফেলেন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল। পরে জিজ্ঞাসাবাদের নামে তাদের স্থানীয় বাসিন্দা শাহিদা বেগমের বসতঘরে নিয়ে যান তিনি।
ঘরের মালিক শাহিদা বেগম ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, সোহেল ওই গৃহবধূ ও তার প্রেমিককে নিয়ে তার ঘরে প্রবেশ করেন। শাহিদা বাধা দিতে চাইলে সোহেল তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন। শাহিদার অভিযোগ, তার সামনেই সোহেল ওই গৃহবধূকে ধর্ষণ করেন। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি, উল্টো লজ্জায় শাহিদা ঘর থেকে বের হয়ে যান।
শাহিদা আরও জানান, সোহেল ঘর থেকে বের হওয়ার পর ওই গৃহবধূর সাথে থাকা প্রেমিকও তাকে পুনরায় ধর্ষণ করে। পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন শাহিদা। পরে ঘটনাটি কাউকে না জানাতে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্ত সোহেল ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ভুক্তভোগী গৃহবধূ ও তার সঙ্গী রিকশাযোগে এলাকা ছেড়ে চলে যান।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মো. সোহেল বলেন, “ওই গৃহবধূর বাড়ি পার্শ্ববর্তী আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকায়। অপরিচিত দুজনকে এলাকায় ঘুরতে দেখে আমি কেবল শাহিদার ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি এবং পরে তাদের ছেড়ে দিয়েছি। ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি।”
চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম জানান, প্রত্যক্ষদর্শী এক নারী তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তিনি বিস্তারিত খোঁজ নিয়ে পুলিশকে অবহিত করবেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা অন্য কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”