
নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আদালতের স্থিতাবস্থা (নির্দেশ) অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মাজেদা বেগম জানান, ২০২২ সালে রঘুনাথপুর গ্রামে ২০ নম্বর জেএল এর আওতায় ৬ শতাংশ জমি ক্রয় করে তিনি ভোগদখল করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রতিপক্ষ মহারাজ মল্লিক, ছালাম মল্লিক ও জলিল মল্লিক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত বছরের ২৭ জুলাই তারা জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালালে মাজেদা বেগম বাদী হয়ে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। সম্প্রতি আদালত ওই জমিতে বর্তমান অবস্থা বজায় রাখার (স্থিতাবস্থা) নির্দেশ দিলেও তা অমান্য করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রতিপক্ষরা আদালতের তোয়াক্কা না করে জোরপূর্বক জমিতে প্রবেশ করে পিলার স্থাপন করেছে এবং সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, জমিটি তাদের বৈধ মালিকানাধীন এবং তারা কোনো আদালতের নির্দেশ লঙ্ঘন করেনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।