
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সওদাগরপাড়ার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।
কিন্তু তাকে নিয়ে যাওয়ার সময় লিটনের পরিবারের সদস্যরা ও কয়েকজন সহযোগী পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়।
হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটন মিয়া, তার মা ফিরোজা বেগম এবং স্থানীয় রিপন মিয়াকে আটক করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”