
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার সাথে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত ইছমতি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
মতবিনিময় সভায় সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদানের কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন:
“জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
শাহানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
জোহরা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা
রায়হান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মোঃ হামিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা
মো: মাহামুদুন্নবী, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ মঈন উদ্দীন, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান
আব্দুর রাজ্জাক শাহ, ভিয়াইল ইউপি চেয়ারম্যান
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল চিরিরবন্দর উপজেলার চলমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম গতিশীল করা, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা এবং দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করা। নবনির্বাচিত সংসদ সদস্যের এমন দিকনির্দেশনামূলক সভায় উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।