
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী |
নোয়াখালীর বেগমগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিচয়: নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। সে তার নানার বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আহাদের বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামক এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সে নিয়মিত ভাড়ায় চালাত।
শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক আহাদের মাকে ফোন করে জানান যে, আহাদ রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রোববার দুপুরে এক কৃষক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান:
“মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তবে ছিনতাই হওয়া অটোরিকশাটির সন্ধান এখনো পাওয়া যায়নি।”
পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।