
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার | আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার নারায়নপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, সেই কলহের জের ধরেই রবিবার ভোরের দিকে স্ত্রী তার স্বামীর ওপর এ হামলা চালান।
আহত স্বামীকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।