
মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবার সুফল পৌঁছে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ সরকারের নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রমের প্রভাব ও সাফল্য বিষয়ে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে, ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছে। পঞ্চগড়ে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ এবং নির্দিষ্ট ক্ষেত্রে কৃষিঋণ মওকুফ কার্যক্রমের ফলে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। এর ফলে কৃষকদের আর্থিক বোঝা লাঘব হওয়ার পাশাপাশি জেলায় ফসল উৎপাদনের হার আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক জানান, এই কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারছে, যা বাজার নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছে। এছাড়া নারীর ক্ষমতায়ন ও কর্মস্থলে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন বা গাড়ি সুবিধা প্রদান করা হচ্ছে, যা নারী সমাজের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে জেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কার্যক্রম শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখছে।
ব্রিফিং শেষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক। তিনি সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং প্রান্তিক মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।