
আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগ, জিএমপি। এ সময় তার কাছ থেকে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের মোট ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামির নাম মেহেদী হাসান (১৯)। সে ভোলা জেলার দৌলতখাঁ থানার বাংলাবাজার এলাকার মৃত সজিবের ছেলে। বর্তমানে সে টঙ্গী পূর্ব থানার বৌ-বাজার এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে আসছিল।
মামলার বাদী এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা বিভাগ, জিএমপি’র সাধারণ ডায়েরী (জিডি) নং-৩৭৭ (তারিখ: ১৪ মে ২০২৬ ইং)-এর ভিত্তিতে বিশেষ এই অভিযানটি চালানো হয়। পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে ডিবি দক্ষিণ বিভাগের একটি চৌকস টিম টঙ্গী এলাকায় মাদক, অস্ত্র ও অপরাধ দমনে মাঠে নামে।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, টঙ্গী বাজারের সবুরা মার্কেট এলাকায় ‘ম্যাক মোবাইল সেলস এন্ড সার্ভিসিং সেন্টার’-এর সামনে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১২টার দিকে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে মেহেদীর দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হ্যান্ডসেটগুলোর মধ্যে রয়েছে স্যামসাং, ভিভো, অপ্পো, রিয়েলমি, আইফোন, টেকনো, আইটেল, উইকোসহ বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ও বাটন ফোন।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক (Lock) অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই (IMEI) নম্বর যাচাই করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মেহেদী স্বীকার করেছে যে, সে টঙ্গী বাজার ও এর আশপাশ এলাকা থেকে পকেটমার ও চোর চক্রের কাছ থেকে কম দামে চোরাই মোবাইল সংগ্রহ করে বিভিন্ন সাধারণ মানুষের কাছে বেশি দামে বিক্রি করত।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৪১১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং টঙ্গী এলাকার এই চোরাই মোবাইল সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।