
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাধা প্রদান এবং সংগঠনের নেতৃবৃন্দকে হুমকি দেওয়ার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে মধুপুর শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মধুপুর মৌজার হালদাগ ৭২৭ খতিয়ানের ৩৫৫৬ দাগের ৮ শতাংশ জমি সমিতির নামে সম্পূর্ণ বৈধভাবে ক্রয় করা হয়েছে। জমিটির নামজারি সম্পন্ন হওয়ার পর সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু মরহুম সরকার সহিদের ছেলে আদিত্য সরকার ও স্ত্রী লিলি সরকার তাদের লোকজন নিয়ে এই নির্মাণ কাজে অন্যায়ভাবে বাধা প্রদান করছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা রাতের আঁধারে সমিতির সীমানা ভেঙে নিজস্ব প্রাচীর নির্মাণ করেছেন। এছাড়া গত ১৪ মে সন্ধ্যায় অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুকে চরমভাবে হেনস্তা ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সমিতির সম্পদ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী নেতারা।
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
জহুরুল ইসলাম মাধু, সহ-সভাপতি
মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক
মোঃ আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী
হুরমুজ আলী ফকির, সহ-সাধারণ সম্পাদক
স্বপন কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক
আশিকুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ
হাসান আলী, দপ্তর সম্পাদক
রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক
মোশারফ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক
সংবাদ সম্মেলনে এছাড়া সংগঠনের কার্যকরী পরিষদের সকল সদস্য ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।