
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তিন দিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে কার্যালয় চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জাতীয়ভাবে এই ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার পর বকশীগঞ্জেও মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি)
মানিক সওদাগর, সভাপতি, উপজেলা বিএনপি
জাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার
আবদুল হামিদ, সহসভাপতি, উপজেলা বিএনপি
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন দিন ব্যাপী এই মেলায় সাধারণ নাগরিকদের ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। মেলা থেকে নাগরিকেরা সরাসরি অনলাইন নামজারি (ই-মিউটেশন), ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্য এবং ভূমি বিষয়ক যেকোনো আইনি পরামর্শ ও সেবা নিতে পারবেন।
আয়োজকদের বক্তব্য: মেলা উপলক্ষে তিন দিন জুড়েই নানামুখী সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ভূমি অফিস। সাধারণ মানুষকে দালালের দৌরাত্ম্য মুক্ত রেখে সহজে ভূমি সেবা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।