
স্টাফ রিপোর্টার, শেরপুর : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরেও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে ‘দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬’।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন তাঁর কার্যালয় প্রাঙ্গণে রং-বেরঙের বেলুন উড়িয়ে শেরপুর জেলায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুরের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর
জনাব এ.কে.এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর
জনাব এ.বি.এম মামুনুর রশিদ, জেলা পরিষদ প্রশাসক, শেরপুর
মিজ্ আরিফা সিদ্দিকা, উপপরিচালক (স্থানীয় সরকার) ও পৌরসভা প্রশাসক
জনাব আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা
মাওলানা হাফিজুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখা
জনাব কাকন রেজা, সভাপতি, শেরপুর প্রেসক্লাব
এছাড়াও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা রেজিস্ট্রার, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ভূমি অফিসের কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক সম্মানিত অতিথিবৃন্দ ও সুধীজনকে সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ডিজিটাল ভূমি সেবার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
তাৎক্ষণিক সেবা প্রদান: মেলা পরিদর্শনের সময় জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন মেলায় সেবা নিতে আসা দুজন সম্মানিত গ্রাহকের হাতে তাৎক্ষণিকভাবে খতিয়ানের (পর্চা) সার্টিফাইড নকল তুলে দেন। সরাসরি জেলা প্রশাসকের কাছ থেকে দ্রুততম সময়ে সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন গ্রাহকেরা।
তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।