
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিশাল কর্মসূচি শুরু হয়।
গণমিছিলটি বাঘা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম চত্বর ও নারায়ণপুর বাজার এলাকা ঘুরে পুনরায় শাহী মসজিদ চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিল চলাকালীন প্রার্থীর পক্ষে জনসমর্থন চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক বলেন:
“এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর। আমরা নির্বাচিত হলে চারঘাট-বাঘাকে একটি আধুনিক ও মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।”
বাঘা উপজেলা আমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন:
মাওলানা জিন্নাত আলী, সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদ।
অধ্যাপক কামরুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য।
মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শিক্ষক আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা আমীর।
মাস্টার ইউনুছ আলী, বাঘা উপজেলা সেক্রেটারি।
এছাড়াও বাঘা ও আড়ানী পৌরসভার নেতৃবৃন্দসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এলাকার কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য অধ্যক্ষ নাজমুল হকের বিকল্প নেই। বিজয় নিশ্চিত করতে তারা নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান।