
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া আফসানা (১৩) ও আশা মনি (১১) নামে দুই ছাত্রীকে ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার শাহ আলী থানা পুলিশের বিশেষ সহায়তায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। দুজনের বাড়িই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বান্ধবীর প্ররোচনায় পড়ে ঢাকার উদ্দেশ্যে চাকরির খোঁজে রওনা হয়েছিল ওই দুই ছাত্রী। কিন্তু ঢাকা গিয়ে কোনো চাকরি না পাওয়ায় তারা মিরপুর এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। তাদের এভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা প্রতারণার শিকার হয়েছে বলে জানালে এলাকাবাসী তাদের মিরপুর সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রের হেফাজতে রাখেন। পরবর্তীতে বকশীগঞ্জ থানা পুলিশ ঢাকার শাহ আলী থানা পুলিশের সহায়তায় সেখান থেকে তাদের উদ্ধার করে।
উল্লেখ্য, গত ১৭ জুন বিকেলে আনুমানিক ৫টার দিকে ওই দুই ছাত্রী বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো: আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অবশেষে নিখোঁজ থাকার পর সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ওই দুই ছাত্রী নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মিরপুরের একটি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”