
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) মধ্যরাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলইমন্ডল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তিন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম ওরফে রহিতন (২৫) এবং কক্সবাজার জেলার রামু থানার বাসিন্দা আবদুল মান্নান (৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে সফল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার (১৬ মে) দুপুরে জামালপুর কোর্টে (আদালতে) প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।