
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মোহাম্মদ আলী নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী ওই ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে। ফুটফুটে এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ ঘরের ভেতর সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা লামিয়া আক্তার। মা রান্নায় ব্যস্ত থাকার সুযোগে শিশু মোহাম্মদ আলী আপন মনে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তেই সে বাড়ির ঠিক পাশেই অবস্থিত সিংগিডোবা বিলের গভীর পানির দিকে চলে যায় এবং পা পিছলে বিলের পানিতে পড়ে তলিয়ে যায়।
এদিকে রান্নার কাজ শেষ করে মা লামিয়া আক্তার বাড়ির আঙিনায় ছেলেকে না দেখে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকারে পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তারা বাড়ির চারপাশসহ সম্ভাব্য সব জায়গায় শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের সিংগিডোবা বিলে তল্লাশি শুরু করেন স্থানীয়রা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিলের কিনারা থেকে অচেতন অবস্থায় শিশু মোহাম্মদ আলীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই তাকে দ্রুত চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা ও স্বজনদের বুকফাটা আর্তনাদে গাজীর পাড়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় এবং পরিবারের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে। এই শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।