
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ই-নামজারি সহজে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চাটখিল উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফসহ আরও অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক ভূমি সেবায় এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। জনগণ এখন কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে ঘরে বসেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন ও তা দ্রুত নিষ্পত্তি করতে পারছেন। এতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, সময় ও অর্থের অপচয় অনেকাংশে কমে এসেছে এবং সেবা প্রাপ্তি অত্যন্ত সহজ ও স্বচ্ছ হয়েছে।
বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এবং নিজেদের অধিকার সুরক্ষিত রাখতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে প্রবাসী ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্মার্ট ভূমি সেবার আওতায় নিয়ে আসার ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাধারণ জনগণকে অনলাইনে নির্ভুলভাবে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয় এবং ডিজিটাল পদ্ধতিতে কর প্রদানের সঠিক নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।