
হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক নারী সদস্যকে অফিসে তুলে এনে হেনস্তা ও কু-প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ‘কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)’-এর তোরাবগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা এলাকার বাসিন্দা আয়েশা (ছদ্মনাম) কোডেকের একজন ক্ষুদ্র ঋণগ্রহীতা। সম্প্রতি পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। অভিযোগ রয়েছে, কিস্তি বকেয়া থাকায় কোডেকের কর্মকর্তারা তাকে বাড়ি থেকে জোরপূর্বক অফিসে নিয়ে আসেন।
ভুক্তভোগী নারীর দাবি, অফিসে নিয়ে যাওয়ার পর কোডেকের কর্মকর্তারা তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও হেনস্তা করেন। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে অশালীন আচরণ করা হয় এবং কু-প্রস্তাব দেওয়া হয়। এই ঘটনার পর থেকে ওই নারী ও তার পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভোগী নারী ও তার পরিবার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোডেকের তোরাবগঞ্জ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা শাহেদ জানান, কিস্তির টাকা পরিশোধ না করায় ওই নারীকে অফিসে নিয়ে আসা হয়েছিল। তবে তার সাথে অশালীন আচরণ কিংবা কু-প্রস্তাব দেওয়ার বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
প্রয়োজনীয় সংশোধন: ‘লক্ষীপুর’ বানানটি সংশোধন করে ‘লক্ষ্মীপুর’ এবং ‘অশিকার’ বানানটি ‘অস্বীকার’ করা হয়েছে।