
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গারো পাহাড়ে লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে রাতে পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে কোনো সন্ধান না পেয়ে আজ শনিবার (২৭ জুন) সকালে পুনরায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা পাহাড়ে তল্লাশি চালান। একপর্যায়ে সোমনাথ পাড়া এলাকার গভীর জঙ্গল থেকে তার থেঁতলানো ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, রাতে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির দলের সামনে পড়লে হাতি তাকে পিষে ও আছাড় দিয়ে মেরে ফেলে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকায় প্রায়ই বন্য হাতির দল এসে এভাবে তাণ্ডব চালায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জয়নাল আবেদীনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।