
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চল বেষ্টিত চকরাজাপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ-এর বিশেষ বরাদ্দ থেকে এই গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (২৯ জুন) চকরাজাপুর এলাকার এলজিএসপি প্রকল্পের আওতায় ‘ফজলের বাড়ি’ থেকে ‘সহর মোড়’ পর্যন্ত এই সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জগলু সিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে অবহেলিত ও সংস্কারহীন থাকায় রাস্তাটি চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তাটি ডুবে গিয়ে চরাঞ্চলের সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখানকার কৃষি পণ্য আনা-নেওয়াসহ অসুস্থ রোগীদের যাতায়াতে পোহাতে হতো অবর্ণনীয় কষ্ট।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে চরাঞ্চলবাসীর সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা ও স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
চকরাজাপুর ইউনিয়নবাসী এই জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, উদ্বোধক জগলু সিকদারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।