
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সুরুজ। পেশায় মৎস্যজীবী এই প্রার্থীসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হলফনামার তথ্য ও মাঠের সমীকরণ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস সালাম সুরুজ (৪১) একজন সফল মৎস্যজীবী হিসেবে পরিচিত। তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেদান আলীর ছেলে। শিক্ষাগত যোগ্যতায় অষ্টম শ্রেণি পাস হলেও তিনি ২০১৮ সালের নির্বাচনে ২৫ হাজারের বেশি ভোট পেয়ে চমক দেখিয়েছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি।
হলফনামায় সুরুজের সম্পদ: সুরুজের হলফনামা অনুযায়ী, মাছের ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ টাকা। তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ১১ লাখ ১০ হাজার টাকা এবং স্বর্ণ রয়েছে ১০ ভরি। এছাড়া ৩ দশমিক ৩৩ শতাংশ কৃষিজমিসহ ইলেকট্রনিক্স ও আসবাবপত্র রয়েছে প্রায় সোয়া দুই লাখ টাকার।
বিজয়ের আশাবাদ ব্যক্ত করে সুরুজ বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটাররা আমাকে মূল্যায়ন করে বিজয়ী করবে। নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধ অনুযায়ী কাজ করব।”
এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক জেলা সদস্য সচিব ইকবাল হোসেন (৬০)। বিএ পাস এই প্রার্থীর বার্ষিক আয় ৩ লাখ ৮১ হাজার টাকা। তাঁর নামে দশমিক ৩৬৫০ একর জমি ও ৫ কক্ষবিশিষ্ট একটি বাড়ি রয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি ৪ হাজার ১৬২ ভোট পেয়েছিলেন।
রাজশাহী-৬ আসনে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিমুখী—এমনটাই মনে করছেন স্থানীয় সাধারণ ভোটাররা। বিএনপির হেভিওয়েট নেতা আবু সাইদ চাঁদ (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা নাজমুল হক (দাঁড়িপাল্লা) এর মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই দুই সাবেক জনপ্রতিনিধিকে ঘিরেই আবর্তিত হচ্ছে সাধারণ ভোটারদের হিসাব-নিকাশ।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৫ জন।
পুরুষ ভোটার: ১,৭৪,৯০৯ জন
নারী ভোটার: ১,৭৭,৯৬৪ জন
হিজড়া ভোটার: ২ জন
মাঠের লড়াইয়ে কে শেষ হাসি হাসবেন, তা নির্ধারণে এখন থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সাধারণ ভোটাররা বলছেন, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করবেন এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন।