
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই-এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি)
ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
আবু হাসান রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা
মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
এছাড়া আরও বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম মিয়া, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু এবং শিক্ষার্থী হায়াতুল সাইসা।
বক্তারা মহান ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা ভাষার চর্চা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।