
মাহফুজুর রহমান সাইমন | শেরপুর প্রতিনিধি
রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। বাঙালি জাতি হিসেবে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানানোর দিন। যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে শেরপুর জেলা পুলিশ।
দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শেরপুর শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন:
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান আল আলম
এছাড়াও শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি জানান, ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি যে বীরত্বের ইতিহাস গড়েছিল, তা আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এই চেতনাকে ধারণ করে দেশ ও জাতির সেবায় পুলিশ বাহিনী সর্বদা কাজ করে যাবে।