
আবুল হাশেম,রাজশাহী ব্যুরো |
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বাঘা-ঈশ্বরদী সড়কের বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়: নিহত আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে। তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত ছিলেন।
সহকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে অফিস থেকে দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে চন্ডিপুর এলাকায় গরুর চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন আবদুর রশিদ। পথিমধ্যে বানিয়াপাড়ার সেফা মেডিকেল সেন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরন করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, অফিসকে অবগত করেই তিনি মাঠ পর্যায়ে গবাদিপশুর চিকিৎসা দিতে যাচ্ছিলেন। পথেই এই দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান:
“ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘাতক যানটি শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”