
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার কপিলমুনিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় পরিচালিত ডাব্লিউইসিএডি (WECD) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এরপর বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রতিষ্ঠানের সমন্বয়কারী ও ফাউন্ডার সদস্য সুনান্দা ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ (ডিজিজ কন্ট্রোল)।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হুমাইরা খাতুন।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।
কপিলমুনি প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার সুরক্ষা, ক্ষমতায়ন এবং সমাজে নারীর অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা বাড়াতে মুক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা। অনুষ্ঠানে কপিলমুনি, রাড়ুলি, হরিঢালী ও গদাইপুর ইউনিয়নের ডাব্লিউইসিএডি প্রকল্পের প্রায় ১৫০ জন নারী উপকারভোগী অংশগ্রহণ করেন।