
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চাচার ঘর থেকে আপন মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আপন মিয়া নামাপাড়া টিএন্ডটি রোডের ফকির আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আপন মিয়া তার চাচা ইসমাইল হোসেনের ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় পার হলেও সে ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজনের মনে সন্দেহ জাগে। একপর্যায়ে ঘরের দরজা খুলে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে আপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”