
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার ||
নোয়াখালীর চাটখিলে পরীক্ষা দিতে গিয়ে তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মিলেনি। স্কুলছাত্রী নিখোঁজের এই ঘটনায় চাটখিল থানা পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় রাশেদার পরিবারের সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম হতাশার সৃষ্টি হয়েছে।
নিখোঁজ তাসফিয়া আক্তার রাশেদা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।
মেয়ের সন্ধান না পেয়ে রাশেদার মা লাইলী আক্তার গতকাল শুক্রবার রাতে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাসফিয়া আক্তার রাশেদা চলতি বছর মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। চাটখিলের পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ কেন্দ্রে তার পরীক্ষার আসন পড়েছিল। গত বৃহস্পতিবার (২১ মে) সকালে সে নিজ বাড়ি থেকে কেন্দ্রের উদ্দেশ্যে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষা দেওয়ার জন্য বের হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি।
এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও রাশেদার কোনো হদিস পায়নি পরিবার। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। মেয়ের কোনো সন্ধান না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে গতকাল শুক্রবার রাতে চাটখিল থানায় নিখোঁজ ডায়েরি ও লিখিত অভিযোগ করেন রাশেদার মা।
স্বজনদের ক্ষোভ:
নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, পরীক্ষা কেন্দ্র থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে গেল ৩ দিন ধরে, অথচ প্রশাসন এখনো অন্ধকারেই রয়ে গেছে। কোনো অপরাধী চক্রের খপ্পরে সে পড়েছে কি না, তা নিয়ে পরিবারের সবাই চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। মায়ের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে উত্তর মোহাম্মদপুর গ্রামের বাতাস।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ জানান, তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন। যার ফলে বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। তবে থানায় অভিযোগ হওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মেয়েটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি আশ্বস্ত করেন।