
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো: “নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”— এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী ২০ মে দিবসটি পালন করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞান। দেশের সামগ্রিক উন্নয়নে এর ভূমিকা অপরিসীম।” তিনি বৃহৎ পরিসরে, বিশেষ করে দেশের মেডিকেল সেক্টরে মেট্রোলজির প্রয়োগ সম্প্রসারণ করার ওপর বিশেষ জোর দেন। একই সাথে গ্রাহক ভোগান্তি কমাতে বিএসটিআই-এর সব ধরনের সরকারি সেবা দ্রুত অটোমেশন (ডিজিটালাইজড) করার আহ্বান জানান জেলা প্রশাসক।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ (পিপিএম)।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, “চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত মেডিকেল ইকুইপমেন্ট বা যন্ত্রপাতিগুলো সঠিক সময়ে ক্যালিব্রেশন (পরিমাপ নির্ধারণ) না করার কারণে অনেক সময় নিখুঁত রেজাল্ট পাওয়া যায় না। ফলে রোগ নির্ণয়ে জটিলতা তৈরি হয়।” তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের যথাযথ ও কঠোর প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ বলেন, “ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মাসিউটিক্যাল (ওষুধ) সেক্টরের জন্য নিখুঁত পরিমাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেকোনো পণ্য উৎপাদন ও বিপণনে সঠিক পরিমাপ অপরিহার্য।” তবে কেবল আইন দিয়ে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সৎ হওয়ার আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনা: অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম পরিমাপের ক্ষেত্রে শতভাগ মেট্রিক পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেন এবং বিএসটিআই-এর সেবাকে আরও বেশি জনকল্যাণমুখী করার তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে বিএসটিআই-এর উপপরিচালক মো. জহুরুল হক বলেন, “যেকোনো নীতিনির্ধারণে আস্থা তৈরির জন্য প্রয়োজন নির্ভুল তথ্য ও পরিসংখ্যান, আর মেট্রোলজি সেই নির্ভরযোগ্য ভিত্তি প্রদান করে।” বাজারে ক্রেতারা যাতে সঠিক পরিমাপ ও সঠিক মানের পণ্য পান, সেজন্য বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স ও মোবাইল কোর্ট পরিচালনা করছে বলে তিনি জানান। একই সাথে তিনি সাধারণ জনগণকে বিএসটিআই-এর সনদধারী প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।