
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই মহতী ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০ ঘটিকায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং রঙিন বেলুন উড়িয়ে এই ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী পর্ব শেষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নাছিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও মানবসৃষ্ট সংকটে ফায়ার ফাইটারদের অসীম সাহসিকতা, দ্রুত সাড়া প্রদান এবং অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করেন।” একই সাথে তিনি জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা নিশ্চিত করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সব ধরনের লজিস্টিক, কৌশলগত ও মাঠপর্যায়ের সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ব্যবহৃত আধুনিক উদ্ধারকারী, বহুতল ভবনে কাজ করার উপযোগী এবং অগ্নি-নির্বাপণ সরঞ্জামাদির একটি বিশেষ প্রদর্শনী পরিদর্শন করা হয়।
আকর্ষণীয় মহড়া: প্রদর্শনীর পর ফায়ার সার্ভিসের একটি চৌকস ও প্রশিক্ষিত দল যেকোনো ভয়াবহ দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য একটি বাস্তবসম্মত ও তথ্যবহুল মহড়া প্রদর্শন করেন। উপস্থিত অতিথিবৃন্দ এবং সাধারণ মানুষ ফায়ার ফাইটারদের এই রোমাঞ্চকর মহড়া দেখে মুগ্ধ হন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ শেরপুর জেলা ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় জেলাজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শপিং মলে অগ্নি-নির্বাপণ মহড়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।