
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে উপবৃত্তির জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংক পিএলসি-এর পঞ্চগড় শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্ট খোলার ফরমে দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে ওই কর্মকর্তা একাধিক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোসহ রাতের বেলায় অডিও ও ভিডিও কল করে হেনস্তা ও হয়রানি করতেন।
জানা গেছে, সম্প্রতি শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখা। এ সময় ফরম পূরণের মাধ্যমে শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ বিভিন্ন অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর থেকেই ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। পরবর্তীতে রাতের বেলায় অডিও ও ভিডিও কলের মাধ্যমে বিভিন্নভাবে তাদের বিরক্ত ও হেনস্তা করা হয়। একই ধরনের সাইবার হয়রানির শিকার হন একাধিক শিক্ষার্থী। এতে চরম বিব্রত ও আতঙ্কিত হয়ে তারা বিষয়টি কলেজের শিক্ষকদের কাছে মৌখিকভাবে জানান।
“রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা আমাদের কলেজের অনেক শিক্ষার্থীকে রাতের বেলায় অডিও ও ভিডিও কল দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। একটি ব্যাংকে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এ ধরনের হয়রানি ও সাইবার বুলিং অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপককে জানানো হয়েছে।” — হারুন অর রশিদ, অধ্যক্ষ
অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, “এ বিষয়ে ব্রাঞ্চে যোগাযোগ করুন।” পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি তাৎক্ষণিক ফোন কেটে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।
এ বিষয়ে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন:
কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পঞ্চগড় শাখা থেকে অন্যত্র বদলি করা হয়েছে।
এদিকে পঞ্চগড় থানার ওসি (তদন্ত) আশীষ কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।