
আশিকুর রহমান, গাজীপুর টঙ্গী (গাজীপুর) থেকে | প্রকাশ: ০৮ জুলাই, ২০২৬
গাজীপুর মহানগরীর টঙ্গীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু একটি হিন্দু পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মনোয়ার হোসেন খোকনকে সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে তাঁতীদল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় নির্মোহন মণ্ডলের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা লোহা কাটার মেশিন দিয়ে বাড়ির প্রধান ফটক কেটে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।
বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের নির্বিচারে মারধর করা হয়। হামলায় বাড়ির মালিক নির্মোহন মণ্ডল, তাঁর স্ত্রী ও ছেলেসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও, অন্যরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নির্মোহন মণ্ডল বলেন: “আমাদের পৈতৃক সম্পত্তির একটি অংশ জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করা হচ্ছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। মামলা করার পর থেকেই আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আমাদের নারী সদস্যদেরও রেহাই দেয়নি।”
ঘটনার পর পরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকন, তাঁর ছেলে আশরাফুল ইসলাম অন্তর এবং সহযোগী হোসেন বাদশাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, “ঘটনার পর পরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
হামলার ঘটনায় সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নিয়েছে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদল। দলীয় সূত্র নিশ্চিত করেছে, সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মনোয়ার হোসেন খোকনকে সাধারণ সম্পাদক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।