
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | নোয়াখালী
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
নোয়াখালী: জেলার সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, জেলার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুল।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, “নোয়াখালীকে একটি প্রকৃত সম্ভাবনার জেলায় পরিণত করতে হলে অবকাঠামোগত উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীভাঙনসহ স্থানীয় প্রধান সমস্যাগুলোর স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।” সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টায় নোয়াখালীর সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে জেলা ও প্রশাসনের বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন
নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ
জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন
জেলা বিএনপির সদস্য আবু নাছের
এডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
মূল আলোচনা সভা শেষ হওয়ার পর একটি বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।