
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক শীর্ষ মাদক কারবারি এবং শিশু বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) ভোরে ও পৃথক সময়ে চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার একটি চৌকস দল তেঁতুলিয়া বাজারের পূর্ব পাশে কামারের দোকানসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. শাহাদৎ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মোটরসাইকেলে থাকা তার অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত শাহাদৎ ঢাকার তেজকুনি পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে বাঘা, চারঘাট ও পুঠিয়াসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতিসহ মোট ২০টি মামলার নথিপত্র রয়েছে।
এদিকে, অপর এক অভিযানে বাঘা উপজেলার উত্তর মিলিক (চাকিপাড়া) গ্রামের মৃত মজের প্রামাণিকের ছেলে মো. মতিউর রহমানকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি শিশু বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে উভয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”
ওসি আরও বলেন, “মাদক ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে বাঘা থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”