
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে র্যালি-পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক জনাব এ, বি, এম মামুনুর রশিদ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেন। একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন:
“ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে হলে আমাদের এখনই প্লাস্টিক দূষণ রোধ ও ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।