
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি |
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) দুটি পৃথক অভিযানে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার নিয়ামতি ও রঙ্গশ্রী ইউনিয়নে এই অভিযানগুলো পরিচালিত হয়।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে টেংরাখালী গ্রামের বাসিন্দা নাজমুল শিকদার (২৬) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শোকেসে থাকা একটি প্লাস্টিকের বয়াম থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো আটটি জিপার ব্যাগে সুকৌশলে রাখা ছিল।
প্রথম অভিযানে আটক নাজমুল শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে অপর এক ব্যক্তির কাছে গাঁজা মজুদ থাকার তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা তাৎক্ষণিক রুনসী গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন।
দ্বিতীয় অভিযানে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার শয়নকক্ষের খাটের নিচে সিমেন্টের ব্যাগ থেকে কসটেপে মোড়ানো দুটি প্যাকেটে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।