
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় অবস্থিত একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মিত এই প্রকল্পটিতে অর্ধেকের বেশি ঘর ফাঁকা ও পরিত্যক্ত থাকায় তা বর্তমানে মাদকসেবীদের নিরাপদ জোনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের পুনর্বাসনের জন্য এই আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে সেখানে মাত্র ৭ থেকে ৮টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো দীর্ঘদিন ধরে খালি ও পরিত্যক্ত পড়ে রয়েছে।
স্থানীয় ও মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. সানোয়ার হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের পাশেই একটি হাইস্কুল রয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের জন্য মেসের ব্যবস্থা করা হয়েছে। ওই মেসের শিক্ষার্থীরা থেকে পড়াশোনা করে। কিন্তু মেসের ঠিক পাশেই পরিত্যক্ত আশ্রয়ণ কেন্দ্রটিতে গভীর রাত পর্যন্ত চলে মাদকের কেনাবেচা ও আড্ডা। মাদকসেবীদের অবাধ বিচরণের কারণে মেসের শিক্ষার্থীসহ কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ার পাশাপাশি সার্বিক সামাজিক নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকার সাধারণ মানুষের জোরালো দাবি, প্রশাসন যেন দ্রুত এই পরিত্যক্ত ঘরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে। একই সঙ্গে প্রকৃত ভূমিহীন ও অসহায় উপকারভোগীদের সেখানে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।