
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি |
দিনাজপুরের চিরিরবন্দরে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ও আধুনিক তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা সরকারি কৃষি সেবা ও প্রণোদনা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।
গত রবিবার (১৯ জুলাই) বিকেলে চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের আখতারের বাজারে আখতারুজ্জামান মিয়ার মিলচত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেন, “কৃষকদের সরকারি কৃষি সেবা সহজতর ও কার্যকর করার লক্ষ্যেই এই কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকদের প্রণোদনা প্রদান নিশ্চিত করা হবে।” তিনি কৃষকদের নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানিয়ে বলেন, “কৃষক কার্ড কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে। তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তৈরি হওয়া ডাটাবেজ সরকারি কৃষি ভর্তুকি, উন্নত বীজ, সার ও সহজ শর্তে কৃষিঋণ বিতরণে স্বচ্ছতা আনবে। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে তথ্য সংগ্রহের নির্দেশনা দেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম তার বক্তব্যে জানান, আধুনিক ডাটাবেজ তৈরির ফলে ভবিষ্যতে প্রকৃত কৃষকরা ঘরে বসেই সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোমিনুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেন হামদু, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তুহিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।