
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর |
শেরপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জুলাই ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর জোর দেওয়া হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার চারজন সংসদ সদস্য। তারা জেলার সামগ্রিক উন্নয়ন চিত্র পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত মহিলা আসনের (১৫) সংসদ সদস্য সানসিলা জেবরিন।
সভায় জেলার অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়গুলো সভায় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার আহ্বান জানান হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি জানান, জনকল্যাণমূলক কর্মকাণ্ড সফল করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।